দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে কিংবা অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এই বিষয়ে জরুরি নির্দেশনা প্রদান করেন। অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষয়ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারার অধীনে রাখতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণের কথা জানিয়েছে। শনিবার এক বার্তায় ডিএমপি জানিয়েছে, ঢাকার প্রবেশপথসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
















