খুলনার জেলখানা ঘাট এলাকায় ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলখানা ঘাট থেকে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে সেনেরবাজারের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির মাঝনদীতে সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে মুহূর্তের মধ্যে সব যাত্রী নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় মাঝিরা দ্রুত ট্রলার নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন এবং অধিকাংশ যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দিয়ে বাকিদের উদ্ধার করেন। স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। রূপসা নৌফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, খবর পাওয়ার পরপরই নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। তিনি নিশ্চিত করেন যে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।



















