ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে ফেনীর মহিপাল ফ্লাইওভারের পূর্ব পাশে যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল আব্দুল মালেক। এ সময় সড়কে যানবাহনের চাপ থাকায় তিনি যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিলেন।

এজাহারে বলা হয়, এ সময় ইলিয়াছ নামে এক ব্যক্তি তার সঙ্গে থাকা একজন রোগীকে হাসপাতালে নেওয়ার কথা বলে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যকে বলেন। কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে ইউনূসসহ আরও কয়েকজন ঘটনাস্থলে এসে ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে সরকারি দায়িত্ব পালনে বাধা এবং মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনায় পুলিশ সদস্য আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ঘটনার দিনই দুইজনকে আটক করে পুলিশ। পরে ৫ সেপ্টেম্বর ফেনী সদর মডেল থানায় মামলাটি রুজু করা হয়। মামলায় ইলিয়াছ ও ইউনূসের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৩২, ৩৫৩, ১৮৬ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ৫ সেপ্টেম্বর মামলাটি রুজু করা হয়েছে। এ মামলায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।