ফেনী প্রতিনিধি
ফেনীতে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমনের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিখোঁজ ইমন ফেনী বিরিঞ্চি সুফিয়া নুরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ফেনী রেলগেট এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে জানা গেছে। এর আগে দুপুরে সে তার বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইমনের কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থী ইমনকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
পরিবারের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দ্রুত ইমনের সন্ধান মিলবে এবং সে সুস্থভাবে তার মা-বাবার কাছে ফিরে আসবে
















