ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ের একাধিক মামলার পলাতক আসামি গোলাম মাওলা মিস্টারকে (৪৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের নেওয়াজপুর গ্রামের আলী ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গোলাম মাওলা মিস্টার ফেনী সদর উপজেলার ৭ নম্বর বালিগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর হরদি গ্রামের (সুজাত আলী মিয়ার নতুন বাড়ি) মিয়া ধন ওরফে বাচ্চু এবং রোকেয়া বেগমের ছেলে।

ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার নেওয়াজপুর গ্রামের আলী ভূঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামি গোলাম মাওলা মিস্টারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ সর্বমোট ৭টি মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।