ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি ধারালো লোহার রামদা, একটি কাঠের হাতলযুক্ত অস্ত্র ও একটি কিরিচসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকার স্টারলাইন ফিলিং স্টেশনসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইমাম মার্কেটের সামনে পাকাসড়কের ওপর চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম নূরুল আলম সিদ্দিক (২৪)। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আবুল কালাম আজাদ এবং মাতার নাম মোছা. নুরজাহার বেগম।
পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানটি ফেনীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল পরিচালনা করে। অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
















