ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ঔষধ ও কাঠসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এসব পণ্যের মধ্যে চোরাচালানকৃত বিভিন্ন সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং সংশ্লিষ্ট বন বিভাগের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।