ফেনী প্রতিনিধি
ফেনী পৌর শহরের মাস্টারপাড়া ও একাডেমি স্টেডিয়াম এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা এবং ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পরশুরামের বালুকিয়া এলাকার বাসিন্দা (বর্তমানে মাস্টারপাড়া ১নং ওয়ার্ডের মমতাজুল হক চৌধুরী ম্যানশনের বাসিন্দা) আকবর হোসেন সানি চৌধুরী (২৭) এবং লক্ষ্মীপুরের বাসিন্দা (বর্তমানে ফেনী একাডেমি স্টেডিয়াম সংলগ্ন এসকিউ ম্যানশনের বাসিন্দা) খোরশেদ আলম (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, এসআই মোনেম শাহরিয়া চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনুপ কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল মাস্টারপাড়া ও একাডেমি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, একাধিক মামলার পলাতক আসামি সোহেল প্রকাশ কালু (৪০) ও রহমান হোসেন (৪৫)-এর সহায়তায় তারা বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক সংগ্রহ করেছিল।
বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত সজল কান্তি দাশ জানান, এ ঘটনায় সংশিষ্ট আইনানুগ ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে এবং জেলাজুড়ে এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
















