এস এম সাহান

ফরিদপুরে মো. রনি মোল্যা (২২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার মা রওশন আরা বেগম। এ ঘটনায় গত ১৯ আগস্ট কোতয়ালী (ফরিদপুর) থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৮৬) করা হয়েছে।

নিখোঁজ রনি মোল্যা ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশড়া গ্রামের বাসিন্দা। তিনি রওশন আরা বেগম ছেলে। রনির শোকে মায়ের কান্না থামছেই না।

জিডিতে রওশন আরা বেগম উল্লেখ করেন, গত ১৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে রনি কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

তবে রনির পরিবারের অভিযোগ, তিনি নিখোঁজ হওয়ার আগে মিলন খান নামে এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই রনির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ একটি দল মিলন খানের বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় মুরাদ মাতব্বর নামের এক ব্যক্তি পুলিশের কাছে ২৪ ঘণ্টা সময় চান বলে পরিবারের অভিযোগ। এরপর পুলিশ মিলন খানকে তার বাড়িতে রেখেই ফিরে যায় বলে দাবি করা হয়েছে।

রনির মা রওশন আরা বেগমের অভিযোগ, ২৪ ঘণ্টা পর তিনি মুরাদ মাতুব্বরের কাছে গেলে বিষয়টি নিয়ে তাকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয় এবং ‘আজ-কাল’ করে সময়ক্ষেপণ করা হয়।

রনির পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী (ফরিদপুর) থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ আলম বলেন, “রনি নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ ও অবস্থান শনাক্ত করতে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং রনিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”