এস এম সাহান

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন। একই সঙ্গে মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ।

সভায় বক্তব্য দেন ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম সাহান, অর্থ সম্পাদক খন্দকার কামাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু, দপ্তর সম্পাদক মো. অহিদুজ্জামান মোল্যা, সদস্য মুহম্মদ মাসুদুর রহমান লিমনসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি স্থানীয় পত্রিকার মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে শেখ ফয়েজ আহমেদকে সামাজিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ মহলের ইন্ধন ও ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে। এ সময় মামলার বাদীর বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা মামলায় আদালতের সাজা থাকার বিষয়টিও সভায় উল্লেখ করা হয়।

সাংবাদিক ইউনিয়নের নেতারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সেটির তদন্ত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী হতে হবে। মামলাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি কোনো প্রভাবশালী মহল যাতে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত বা ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

সভা থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও নথিপত্র যাচাই করে আইনানুগভাবে বিষয়টির সুরাহা করার দাবি জানানো হয়।