দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৬ জন, যার মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। এছাড়া এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। চলতি বছর সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।