দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা ও উপহার নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমন পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে তাঁর অব্যাহতিকালে মেঘনা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সীকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের কাছে পাঠানো হয়েছে। দলীয় একাধিক সূত্র জানায়, এর আগে পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক বিএনপি নেতার কাছ থেকে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ ওঠে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।