মোহাম্মদ সেলিম,

কক্সবাজারের ঈদগাঁওতে দ্রুতগামী ডাম্পার গাড়ির চাপায় আব্দুল্লাহ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শাহ ফকির বাজার ও ঈদগাঁও থানার রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের লোকমান ও লাকী আক্তার দম্পতির ছেলে। তার মা লাকী আক্তার স্থানীয় একটি ক্লিনিকের মহিলা কর্মী হিসেবে কর্মরত আছেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাহ ফকির বাজার ও ঈদগাঁও থানার রাস্তার মাথা সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ডাম্পার গাড়ি শিশু আব্দুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়।

​এদিকে হৃদয়বিদারক এ ঘটনার পর পরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে উঠলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই থানা পুলিশ ঘাতক ডাম্পার গাড়িটি জব্দ এবং এর চালককে আটক করেছে।

​নিহতের মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের বাতাস। স্থানীয়রা ঈদগাঁও এলাকায় অনিয়ন্ত্রিত ডাম্পার ও ভারী যানবাহন চলাচল রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।