মোহাম্মদ সেলিম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাঠজুড়ে এখন আমন ধান রোপণের ধুম পড়েছে। ভাদ্র মাসের শুরুতে বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে কৃষকরা কোমর বেঁধে নেমে পড়েছেন কৃষিকাজে। ভোরবেলা থেকেই ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করা এবং দলবদ্ধভাবে চারা রোপণে মুখরিত হয়ে উঠেছে পুরো জনপদ।

​উপজেলার মাইজপাড়া, মেহেরঘোনা, কলেজ গেইট, চান্দেরঘোনা, কালিরছড়া ও ট্রান্সপোর্ট এলাকাসহ বিভিন্ন ফসলি মাঠে ঘুরে দেখা গেছে এই ব্যস্ত চিত্র। কৃষকরা ২-৩ জন থেকে শুরু করে দলবেঁধে আনন্দমুখর পরিবেশে সবুজ ধানের চারা রোপণ করছেন।

​স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ভাদ্র মাসের এই বৃষ্টির পানিতে ধান চাষাবাদ বেশ সুবিধাজনক হওয়ায় তাঁরা জোরেশোরে জমি প্রস্তুত করছেন। মাছুয়াখালী এলাকার এক স্থানীয় চাষী জানান, তিনি এককানি জমিতে চাষাবাদ করছেন এবং পুরো রোপণ শেষ করতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। তবে আশাবাদী কৃষকদের ধারণা, আগামী এক সপ্তাহের মধ্যেই এলাকার বেশিরভাগ জমির রোপণকাজ শেষ হবে।

​এ বিষয়ে ঈদগাঁও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, চলতি মৌসুমে সাড়ে সাতশ হেক্টর জমিতে আমন ধান রোপণের কাজ প্রায় শেষের পথে। কৃষকদের সফল ও লাভজনক চাষাবাদ নিশ্চিত করতে কৃষি বিভাগ থেকে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় পরামর্শ অব্যাহত রয়েছে।