মোহাম্মদ সেলিম,

ঈদগাঁও উপজেলায় অবৈধ যানবাহন চলাচল রোধ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২ জনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) ঈদগাঁও উপজেলার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মংচিংনু মারমা।

​প্রশাসন সূত্রে জানা যায়, উক্ত সড়কে অবৈধ টমটম, অটোরিকশা এবং মোটরসাইকেল চলাচলের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তাৎক্ষণিকভাবে ১২ জন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

​অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার বাহিনীর একটি চৌকস টিম সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

​জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ঈদগাঁও উপজেলাবাসীর সার্বিক স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।