মোহাম্মদ সেলিম
কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনে মাছের বাজার প্রতিদিন মাগরিবের পর কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনের চিত্র দেখলে সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই জাগে। ব্যস্ততম এই বাস স্টেশনে সন্ধ্যার পর বসা অবৈধ মাছের বাজারে চরম জনদুর্ভোগ তৈরি হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকি না থাকায় দিনে দিনে এ পরিস্থিতি আরও অবনতি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও বাস স্টেশন কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। কিন্তু প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্টেশনের বিভিন্ন পয়েন্টে মাছের বাজার বসানো হয়। এতে পথচারী, যাত্রী এবং পরিবহন শ্রমিকরা নিয়মিত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাজার বসার কারণে সৃষ্ট যানজট, মাছের আঁশ ও পচা পানির দুর্গন্ধ এবং ময়লা-আবর্জনার স্তূপে একাকার হয়ে থাকে পুরো এলাকা।
অনুসন্ধানে জানা যায়, মাছ বিক্রেতাদের অনেকেই দাবি করেন—"টাকা দিয়েই এখানে বসেছি।" কিন্তু প্রশ্ন উঠেছে, এই টাকা আসলে কাকে দেওয়া হচ্ছে? কার অনুমতি বা কোন নিয়মে এই টাকা তোলা হচ্ছে? সেই লেনদেনের কোনো বৈধতা বা রসিদ রয়েছে কি না—তা নিয়ে জনমনে তীব্র সংশয় তৈরি হয়েছে।
সাধারণ মানুষ মাছ ব্যবসার বিরুদ্ধে নয় উল্লেখ করে স্থানীয়রা জানান, জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করার অধিকার সবারই আছে। কিন্তু ব্যবসার অজুহাতে জনসাধারণের চলাচলের পথ দখল করার অধিকার কারও নেই।
জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে সচেতন মহল বলেছেন, অবিলম্বে বিষয়টি তদন্ত করে বাস স্টেশনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। জনগণের যাতায়াতের জায়গা জনগণের জন্যই উন্মুক্ত রাখতে হবে এবং ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত স্থান বা বাজার ব্যবহার নিশ্চিত করতে হবে।















