শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই দায়িত্ব গ্রহণ করেছি এবং তাদের কল্যাণের জন্যই কাজ করছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিষয়ে ক্ষোভ থাকলে তা বুঝেশুনে এবং যৌক্তিক উপায়ে প্রকাশ করতে হবে। এমনকি আন্দোলন করার প্রয়োজন মনে হলে সরাসরি তাঁর সঙ্গে এসে বিতর্ক করার বা প্রশ্ন করার আহ্বান জানান তিনি, যাতে তিনি সেগুলোর যথাযথ উত্তর দিতে পারেন।
রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন যে, তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তবে বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। কারণ, এমন অস্থিরতার মধ্য দিয়ে একটি রাষ্ট্রকে কখনোই উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে অতিমাত্রায় রাজনীতির প্রভাব দেখা দিয়েছে। সরকারের মেয়াদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই যারা মিথ্যা অজুহাত দেখিয়ে রাজনীতি করছেন, তারা মূলত দেশের সামগ্রিক উন্নতি চান না, বরং তারা চান দেশের অধঃপতন। তাই এমন নেতিবাচক নেতৃত্বকে সাধারণ জনগণ কখনোই মেনে নেবে না।
এছাড়া এসএসসির পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শূন্য, তাদের বিরুদ্ধে ধীরে ধীরে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন আশানুরূপ ফলাফল করতে পারছে না, তা সরকার গুরুত্বের সাথে খতিয়ে দেখবে বলে তিনি জানান।











