জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির কার্যক্রমকে আরও সহজতর করার লক্ষ্যে আবেদনের সঙ্গে দাখিলকৃত প্রমাণকগুলো যথাযথভাবে নিরীক্ষা করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এনআইডি অনুবিভাগের পরিচালককে (নিবন্ধন ও প্রবাসী) আহ্বায়ক করে এই চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বিস্তারিতভাবে বলা হয়েছে যে, সংশোধনের ধরন অনুযায়ী আবেদনের শ্রেণিকরণ এবং প্রতিটি ক্ষেত্রে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় প্রমাণক বা দলিলের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে এই কমিটি। বিশেষ করে ‘ঘ’ ক্যাটাগরির যেসব আবেদন প্রমাণক অপর্যাপ্ত থাকায় আগে বাতিল করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে পর্যাপ্ত প্রমাণসহ পুনঃদাখিল করা হয়েছে—সেসব আবেদনের দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিটি।

এছাড়া, ‘ইলেকট্রনিক্যালি অ্যাকশন’ গ্রহণের সময় সিএমএস পোর্টালে যেসব কারিগরি জটিলতা দেখা দিচ্ছে, তা নিরসনে পোর্টালে কী ধরনের মডিফিকেশন বা পরিবর্তন প্রয়োজন, সে বিষয়ে মতামত দিতে হবে। একইসঙ্গে এনআইডি আনলক এবং রোলব্যাকের যৌক্তিকতা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্বও দেওয়া হয়েছে এই কমিটিকে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া দেশে হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২৪৩ জন।