‎

‎

‎জাকির ফরাজী

‎

‎বরিশালে যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মিলন খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎গ্রেপ্তার মিলন খান বরিশাল জেলার উজিরপুর উপজেলার বৈরকাঠি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলী আহম্মেদ খান।

‎

‎এসআরবি-৮ সূত্রে জানা গেছে, বরিশালের বানারীপাড়া থানায় দায়ের করা যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় মিলন খানের বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি ছিল। মামলার জিআর নম্বর ১৫/১৭ (বানারীপাড়া)। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় করা মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

‎

‎এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন রুপাতলী এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মিলন খানকে গ্রেপ্তার করা হয়।

‎

‎এসআরবি-৮ জানায়, সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন খান দীর্ঘদিন ধরে কৌশলে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

‎

‎এসআরবি-৮-এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

‎

‎গ্রেপ্তার মিলন খানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।