জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, ওই প্রামাণ্যচিত্রটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল বিএনপির একটি দলীয় অভ্যুত্থান। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সারজিস আলম তাঁর পোস্টে জানান, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে। তবে সেখানে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের এক দফা দাবির কোনো উল্লেখ নেই। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম-চিহ্ন পর্যন্ত রাখা হয়নি। তিনি বলেন, ‘ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে, জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন যে, ইতিহাস দখল করার যে প্রবণতা আওয়ামী লীগের ছিল, বিএনপিও এখন সেটিই অনুসরণ করছে বলে মনে হচ্ছে। দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, ডিয়ার বিএনপি?’ তিনি স্পষ্ট করে বলেন, শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ করে এই দলীয়করণ ও ইতিহাস দখলের কলঙ্ক মুছে ফেলা যাবে না।









