ধুনট প্রতিনিধি: দেশীয় মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন খাল-বিল থেকে জব্দ করা প্রায় সোয়া লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় জালের কোনো মালিককে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বাটিকাবাড়ি এলাকার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, অফিস সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব জালে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ে, ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হয়। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জেলেদের বৈধ জাল ব্যবহার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “সম্প্রতি ধুনট উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ আমাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় সোয়া লাখ টাকা। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






