ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন তারা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার তাদের রয়েছে।

শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একসময় অনেকে মনে করতেন হিন্দু সম্প্রদায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের শক্তি। কিন্তু বিগত নির্বাচনে তার নির্বাচনি এলাকার হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ধানের শীষে ভোট দিয়ে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারার সঙ্গে যুক্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাদের নিজেদের আত্মীয় মনে করে দুর্গাপূজার আনন্দ আরও সুন্দর করতে নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ১১-দলীয় জোট নির্বাচনে বেহেশতের লোভ দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে, কিন্তু বিরোধী দল হিসেবে যথাযথ দায়িত্ব পালন করছে না।

বিরোধী দলকে সংসদে গঠনমূলক আলোচনা ও সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। মীর শাহে আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না, জনগণের ভোট নিয়েই আবার ক্ষমতায় যেতে চায়। এজন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, খাল খনন ও খেলাধুলাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি হবে। পাঁচ বছর পর জনগণের কাছে আবার ভোট চাওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ ভোট দিলে সরকার গঠন করবেন, না দিলে বিরোধী দলে চলে যাবেন।