এস এম সাহান

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বৃষ্টির মধ্যে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন মোল্লা নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। আহতরা হলেন একই এলাকার সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তারা মালিগ্রাম এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।