বর্তমান সময়ে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান যুগের যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা কেবল ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আধুনিক ব্যবস্থাপনায় তথ্যের সঠিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
একইসঙ্গে দেশের সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের একটি মহাপরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সময়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করা এখন সময়ের দাবি।
এই লক্ষ্য অর্জনে আনসার ও ভিডিপির অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।











