কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচনকে ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মহানগর জামায়াতের বর্তমান সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার ১৪ অক্টোবর সন্ধ্যার পর নগরীর মোগলটুলি ফারুকী হাউস এলাকায় মহানগর জামায়াতের কার্যালয়ে এ ঘটনা ঘটে। দলীয় সভা চলাকালে সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানা গেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।

পুলিশ জানায়, ঘটনার সময় এলাকাবাসী বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে সেটি ককটেল বিস্ফোরণ নাকি পটকার শব্দ, তা এখনও নিশ্চিত করা যায়নি। বর্তমানে কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ভেতরে জামায়াতের শীর্ষ নেতারা অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ এবং এমদাদুল হক মামুনকে বিভাগীয় দায়িত্ব দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হয়েছে। এরপর থেকেই মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে কয়েক দিন ধরে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ উত্তেজনায় রূপ নেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ উঠেছে, তার বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ের সামনে তার গাড়ি ভাঙচুর করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেক্রেটারি মাহবুবুর রহমান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করেন। এ ঘটনায় সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। একইভাবে সেক্রেটারি মাহবুবুর রহমানকেও একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। দলীয় সূত্রের দাবি, বুধবার রাতেই নতুন কমিটি গঠনের ভোট গ্রহণের সম্ভাবনা ছিল। চলমান বৈঠকে সেক্রেটারি মাহবুবুর রহমান তার অনুসারীদের আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে। এদিকে মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ফেসবুক বার্তায় বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃত ঘটনা হচ্ছে, ১৪ অক্টোবর বুধবার রাত ৭টার দিকে কার্যালয়ে পূর্বনির্ধারিত সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে এবং চিৎকার করতে করতে চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কারা জড়িত এবং কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো, তা জেনে পুনরায় সংবাদমাধ্যমকে জানানো হবে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। ভেতরে জামায়াতের শীর্ষ নেতারা আছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।