হাফিজুর রহমান খান : কক্সবাজার সদর উপজেলার মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত কক্সবাজার সদর থানার মেরিন ড্রাইভ সড়কের বড় মসজিদ সংলগ্ন কবরস্থানের বিপরীতে আল-মদিনা ইঞ্জিনিয়ারিং গ্রিল ওয়ার্কশপের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকার মো. ফোরকান (২২) ও মো. ফেরদৌস (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রী আসনের পেছন ও চালকের আসনের নিচে রাখা বিভিন্ন বস্তা থেকে মোট ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল।






