হাফিজুর রহমান খান: কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, কক্সবাজার।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার।

সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পাশাপাশি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও সম্মাননা প্রদান করা হয়।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার দীর্ঘদিন তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা দেন।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।