হাফিজুর রহমান খান
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি প্রাইভেটকারের ডিকিতে কাঠের তৈরি চুড়ির শো-পিচের ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় নূর কবির (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টার মধ্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কলাতলী এলাকায় গ্রীণহাউজ মেরিকালচার কোরাল মাছের হ্যাচারির সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নূর কবির টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানপাড়া (গফুরের বাড়ি) এলাকার মৃত জাফর আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে চট্টমেট্রো-গ-১১-৫৬৯২ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। গাড়িটির পেছনের ডিকিতে থাকা কাঠের তৈরি একটি চুড়ির শো-পিচের ভেতরে বিশেষভাবে তৈরি একটি চেম্বার পাওয়া যায়।
পরে ওই চেম্বারের ভেতর থেকে দুইটি ‘Potato Crackers’ চিপসের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির মধ্যে ১০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট ছিল। প্রতিটি পলি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৭৮ গ্রাম বলে জানিয়েছে ডিএনসি।
এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত কাঠের চুড়ির শো-পিচটিও জব্দ করা হয়।
ডিএনসি জানায়, ঘটনার পর গ্রেপ্তার নূর কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন অভিনব কৌশলে ইয়াবা পরিবহন করছে। এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা কীভাবে এবং কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।















