হাফিজুর রহমান খান: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কক্সবাজার জেলার ছয়টি উপজেলার এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্ট ফাউন্ডেশন।

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে জেলার টেকনাফ সদর ইউনিয়ন, হ্নীলা ইউনিয়ন, উখিয়া, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সংস্থাটির কর্মীরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। কোস্ট ফাউন্ডেশন জানায়, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব বলে তারা মনে করেন।

ত্রাণ কার্যক্রমের খোঁজখবর নেওয়ায় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কোস্ট ফাউন্ডেশন।

এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতার জন্য জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদ রোমান, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে।

একই সঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তিনি সরাসরি উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।