চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ ভূমিধসে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে ওই প্রাকৃতিক দুর্যোগে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এই বিধ্বংসী ভূমিধসের ঘটনাটি ঘটে। পাহাড়ধসের তীব্রতায় পাহাড়ের পাদদেশ এবং নদীতীরবর্তী বেশ কয়েকটি আবাসিক ভবন মুহূর্তের মধ্যে মাটিচাপা পড়ে যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপুল পরিমাণ পাথর ও মাটির স্তূপ ধসে পড়ে একটি আবাসিক এলাকা এবং বাণিজ্যিক সড়ক সম্পূর্ণ ঢেকে ফেলেছে। ঘটনার পরপরই শত শত উদ্ধারকর্মী সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, সেখানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
গত শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১১ জন। তবে স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানিয়েছে, উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে মৃত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৪১ জনে পৌঁছেছে। উল্লেখ্য, এর মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন, যাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়।










