মো পজিরুল ইসলাম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শনিবার) দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় মোস্তাকিম। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

স্বজনরা তাৎক্ষণিকভাবে মোস্তাকিমকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের ছায়া । শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে শাহবাজপুর গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।