মাফিকুল ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ। এতে স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাংবাদিক, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং সদ্য বিলুপ্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেন ও আমিনুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থেকে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনায় অংশ নেন।
চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংসের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে পরিবার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু বক্তব্য দিলেই হবে না, এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় বক্তারা মাদকের কুফল, মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক ক্ষতি এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সভার ব্যানারে ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ, পার্বতীপুর, দিনাজপুরের উদ্যোগে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভার কথা উল্লেখ রয়েছে।















