রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের ব্যবসায়ীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র জনরোষ তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৩১ মে বিকেলে রমনা থানার অন্তর্গত আনারকলি মার্কেটের নিচতলায় দলবল নিয়ে প্রবেশ করেন আশরাফুল ইসলাম। সেখানে তিনি ব্যবসায়ী রেজাউল করিমকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটান।
এই ঘটনার পর ভুক্তভোগী রেজাউল করিমের স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চাঁদা না দেওয়ার জেরে এই হামলা চালানো হয়েছে, যা ছিল একটি পরিকল্পিত হত্যা চেষ্টা। মামলায় রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সদস্য সচিব শামীম হোসাইনসহ মোট ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড চিৎকার ও আর্তনাদ সত্ত্বেও হামলাকারীরা থামেননি।
এই ঘটনার পর থেকে আনারকলি মার্কেট এবং আশপাশের এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।










