কুমিল্লার বুড়িচং উপজেলায় সারের ডিলারশিপ বণ্টনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। বাকশিমুল ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মোশাররফ হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

কুমিল্লা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বাকশিমুল ছাড়াও বুড়িচং পৌরসভায় ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের ভাগনে ও আওয়ামী লীগ নেতা বাবুল আলম। একইভাবে রাজাপুর ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই ও আওয়ামী লীগ সমর্থক সাদেকুর রহমান, ষোলনল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল বেগ, মোকাম ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ডিলারশিপ পেয়েছেন।

এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, সারের ডিলারশিপ পাওয়া মো. মোশাররফ হোসেন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে এমপি জসিম উদ্দিনের পিএস। পিএস হিসেবে তিনি ইতিমধ্যে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাহলে কেন তাকে সারের ডিলারশিপের দিকে নজর দিতে হবে। তার মতে, এই ডিলারশিপ পাওয়ার যোগ্য দলের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীরা। তিনি আরও বলেন, মোশাররফ পূর্বে ছাত্রলীগ করেছেন এবং শেখ রাসেল স্মৃতি রক্ষা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের সাবেক এমপি ও জেলা নেতাদের সঙ্গে তার শত শত ছবি ফেসবুকে ছড়িয়ে রয়েছে।

ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন সেন্টু। তিনি লেখেন, আমাদের মাননীয় এমপি হাজী জসীম উদ্দিন জসিম সাহেবের চেয়েও বুড়িচং উপজেলায় অনেক বড় নেতা আছে। বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে নিবেদিত কর্মী হিসেবে ১০ লাখ টাকার কাছে আর আওয়ামী লীগের কাছে হেরে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ, আমিন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিম বলেন, সে দরখাস্ত করেছে কি না আমি জানি না। আমি এ বিষয়ে কোনো তদবির করিনি। এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে তার ব্যক্তিগত সহকারী মো. মোশাররফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।