সাধন সাহা জয়
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর শুভ সূচনা হয়েছে।
আজ জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ নিজে বিভিন্ন স্কুলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে বই পড়া বিষয়ক আলোচনা করেন। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন।
পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চিন্তা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধের চর্চা হোক আমাদের প্রতিদিনের অনুশীলন—এই প্রত্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সাথে সাহিত্যের সম্পর্ক, বই পড়ার উপকারিতা, অংশগ্রহণের নিয়মাবলি এবং আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরে ক্যাম্পেইন পরিচালিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই বই পড়া কর্মসূচি আয়োজিত হবে এবং খুঁজে বের করা হবে সেরা সব পাঠকদের, যাদের জন্য থাকবে পুরস্কার ও সনদ। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে থাকবে সাহিত্য আড্ডা এবং উপজেলা ও জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি আয়োজিত হবে।







