শাহাবুদ্দিন আহামেদ
যশোর বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
৪৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৩৬টি শাড়ি, ৮টি থ্রিপিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।















