​ঝালকাঠি প্রতিনিধি

​ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন (৪২) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিহতের দাফন-কাফনের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন দক্ষিণ চেচঁরী গ্রামের মো. হারুন খানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ চেঁচরী গ্রামে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত ও পরে মারা যান।

​ঘটনাটি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে দাফন-কাফন ও জরুরি প্রয়োজনের জন্য মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেন।

​উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিহতের ছোট ভাই গ্রাম পুলিশ মো. রুবেল খানের হাতে মানবিক সহায়তার ১০ হাজার টাকার এই চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. যোবায়ের হোসেন।

​স্বজনের আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবারটি চরম বিপাকে পড়েছিল। দুর্যোগের এই মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।