নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক উত্থাপিত অভিযোগের প্রমাণ জনসমক্ষে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে তিনি ইঙ্গিত দেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি উত্থাপন করেন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ জন কর্মকর্তার বদলির বিনিময়ে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বুধবার বিকেলে সংস্থাটির মুখপাত্র আকতারুর ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার বদলি বাবদ জনপ্রতি ১ লাখ ৪৬ হাজার টাকা হিসেবে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এতে একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণগুলো দয়া করে জনগণের জন্য উন্মুক্ত করুন।" তবে বুধবার রাতে তিনি গণমাধ্যমে কথা বলবেন নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত জানাবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।