বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এই বিশেষ উপলক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর একটি বিশেষ আলোচনা সভায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন অপর যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির এক যৌথসভার শুরুতে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি আরও উল্লেখ করেন যে, এর বাইরেও আরও কিছু কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে, যার খসড়া দলীয় চেয়ারম্যানের সাথে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত করা হবে।

নয়াপল্টনের ওই যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ উপস্থিত ছিলেন।