বিরোধীদল গত ১৮০ দিনে যে পরিমাণ গুজব ছড়িয়েছে, তার যথাযথ মূল্যায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২৪ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিস্তারিত পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের গত ছয় মাসে ৫১২ জন গুম হওয়ার দাবি করেছেন। তিনি উল্লেখ করেন, এই দাবি করার সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে থাকলেও কেউ এই তথ্যের বিষয়ে কোনো প্রতিবাদ বা টুঁশব্দ করেননি। তিনি একে 'জঘন্য মিথ্যাচার' হিসেবে অভিহিত করে বলেন, জামায়াত নেতারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভুল তথ্য প্রচার করে আসছেন। বিশেষ করে একটি ইসলামিক দলের নেতা হয়ে ধর্মীয় শব্দ ও বিশ্বাসের আশ্রয় নিয়ে যেভাবে মিথ্যা কথা বলা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক বলে তিনি মনে করেন।
পাশাপাশি, নতুন রাজনৈতিক দল এনসিপি-র কঠোর সমালোচনা করে তিনি বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে তারা এই প্রোপাগাণ্ডার কৌশল শিখেছে। এনসিপি নেতারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেও তাদের বক্তব্য তথ্যের দিক থেকে চরম বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি। রাশেদ খাঁনের মতে, আত্মবিশ্বাসের সাথে গুজব ও মিথ্যা তথ্য প্রচারে জামায়াত ও এনসিপি ইতিমধ্যে 'চ্যাম্পিয়ন' হয়ে উঠেছে।
পরিশেষে তিনি বলেন, সরকারি দলের গত ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়ন যেমন প্রয়োজন, ঠিক তেমনি বিরোধী দল গত ছয় মাসে কী পরিমাণ গুজব, প্রোপাগাণ্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও একটি নিরপেক্ষ মূল্যায়ন করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।


















