কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ৮ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে এই পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। এই ৮ জনের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন।
বিজিবির টহল দল সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় বিষয়টি দ্রুত শনাক্ত করে এবং তৎক্ষণাৎ নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বিজিবির এই দৃঢ় ও সতর্ক অবস্থানের মুখে বিএসএফ সমর্থিত ওই ব্যক্তিরা নদীপথেই পুনরায় ভারতের সীমানায় ফিরে যেতে বাধ্য হন। এর ফলে বিএসএফের অবৈধ পুশইন পরিকল্পনাটি সম্পূর্ণ ব্যর্থ হয়।
এই বিষয়ে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পূর্ণ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।” তিনি আরও জানান, বিজিবি সীমান্তে সর্বোচ্চ নজরদারি অব্যাহত রেখেছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।






