শাহাবুদ্দিন আহামেদ

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

৪৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, ৫টি ভারতীয় ওষুধ এবং ১৯১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মোট মূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ৪৯ বিজিবির অধিনায়ক।