শাহাবুদ্দিন আহামেদ
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিরা, ফুসকা, কিসমিস, খাদ্যসামগ্রী, চকলেট ও কসমেটিকসসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ১৪৫টি ভারতীয় শাড়ি, ২ কেজি জিরা, ৮০ প্যাকেট ফুসকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ৬৫০ প্যাকেট খাদ্যসামগ্রী, ২৬৬টি চকলেট এবং ১ হাজার ২৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারচক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















