শাহাবুদ্দিন আহামেদ

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, জিন্সের থান কাপড়, ফুসকা, কিসমিস, চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৩৮টি ভারতীয় শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, ৪.৫ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, বলে জানান বিজিবি অধিনায়ক।