শাহাবুদ্দিন আহামেদ,
বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি)-এর টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৭৬টি শাড়ি, ৩টি কম্বল, আধা কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, দেড় কেজি কিসমিস এবং ১০১টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার এবং পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।















