‎জাকির ফরাজী

বরিশালের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল মুন্সীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

‎‎বৃহস্পতিবার (২০ আগস্ট) র‌্যাব-৮, বরিশাল সদর কোম্পানি ও র‌্যাব-১, গাজীপুরের যৌথ একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎‎গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মো. সেরজাহান মুন্সীর ছেলে।

‎র‌্যাব-৮ জানায়, রাসেল মুন্সীর বিরুদ্ধে ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলাটির নম্বর-০৯ এবং জিআর নম্বর-১৪৮/১২। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

‎‎সাজা ঘোষণার পর রাসেল মুন্সী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় জিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

‎র‌্যাব জানায়, ওই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে র‌্যাব-৮ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার রাসেল মুন্সীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।