‎স্বপন রবি দাশহবিগঞ্জ প্রতিনিধি

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা ও ইয়াবা রাখার অভিযোগে নাছির (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (২১ জুলাই) বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বালিচাপড়া গ্রামে মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নাছিরের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎আদালত সূত্র আরও জানায়, জব্দ করা গাঁজা ও ইয়াবা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাহুবল থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।