‎মোঃ আসিফ ইসলাম সাইফ

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

‎উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহমদ এবং কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন।

‎এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু কবিতা ও গানে নয়, নজরুলের আদর্শ বাস্তব জীবনেও অনুসরণ করতে হবে।

‎আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।