মোঃ আসিফ ইসলাম সাইফ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা বিতরণ করেছে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রবীর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মানসী চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিচালিত প্রকল্পের আওতায় বাঘাইছড়ির বিভিন্ন এলাকা থেকে বাছাই করা বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি রসুন ও ৩ লিটার সয়াবিন তেল দেওয়া হয়। এছাড়া প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীর মধ্যে একটি বালতি, একটি মগ, একটি বদনা, একটি গামছা ও একটি টর্চলাইট বিতরণ করা হয়।
এর পাশাপাশি বন্যাকবলিত পরিবারগুলোর স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও সাবানও দেওয়া হয়।
মানবিক এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করায় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে সিডা, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জোয়া ওভারসিজ এইড, কনরাড এন. হিলটন ফাউন্ডেশন এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্যোগের সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে একটি মানবিক সংস্থার সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।
তারা আশিকার এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।








