বাঘাইছড়ির ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণে অংশ নেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি প্রতিনিধি এবং জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক সেলিম উদ্দিন বাহারী ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, কৃষক প্রতিনিধি এবং গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে উপজেলায় নিবন্ধিত ৬০০ জন কৃষকের হাতে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির ফলে কৃষকরা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। এই ধরনের সরকারি প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে চাষাবাদে উৎসাহিত করবে এবং খরিপ-২ মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাবে এবং কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে তারা উল্লেখ করেন।






